বেন স্টোকসকে বাইরে রেখে আসছে অ্যাশেজের স্কোয়াড ঘোষণা করেছিল ইংল্যান্ড। তবে সোমবার এই অলরাউন্ডারকে স্কোয়াডে অন্তর্ভুক্তির কথা জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
মানসিক অবসাদ ও ইনজুরির কারণে গেল সাড়ে চার মাস ক্রিকেট থেকে দূরে ছিলেন স্টোকস।
মাঠে ফেরার ব্যাপারে স্টোকস বলেন, ‘আমার মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমার একটি বিরতি দরকার ছিল। পাশাপাশি আমার আঙুল ঠিক হওয়ার অপেক্ষার ছিলাম।’
‘আমি আমার সঙ্গীদের দেখার এবং তাদের সঙ্গে মাঠে সময় কাটানোর জন্য উন্মুখ হয়ে আছি। আমি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য প্রস্তুত আছি।’
গত এপ্রিলে আইপিএল ম্যাচে ক্যাচ নিতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়েন স্টোকস। এরপর অস্ত্রোপচার করানো হয় তার। পুরো ফিট হয়ে ওঠার আগেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে খেলতে হয় তাকে।
কোভিড পরিস্থিতিতে মূল দলের ক্রিকেটাররা আইসোলেশনে চলে গেলে সেই সিরিজে ইংল্যান্ডের দায়িত্ব নিতে হয় স্টোকসকে। ব্যথানাশক ইনজেকশন নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন স্টোকস। ৩-০ ব্যবধানে সিরিজটি জিতে ইংল্যান্ড।
এরপর গত ৩০ জুলাই হঠাৎ করে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যান স্টোকস। আইপিএলের দ্বিতীয় পর্বেও খেলেননি তিনি। এমনকি চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও নেই স্টোকস।
অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের অ্যাশেজ শুরু হবে ৮ ডিসেম্বর।