বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য পশ্চিমবঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের ক্ষমতা বাড়ানোয় কেন্দ্রীয় সরকারের প্রতি ফের ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার রাজ্যের প্রশাসনিক বৈঠকে তিনি প্রসঙ্গটি তোলেন বলে জানায় আনন্দবাজার।
বিএসএফের এখতিয়ার বাড়িয়ে ৫০ কিলোমিটার করা নিয়ে এর মধ্যেই কেন্দ্রীয় সরকারকে প্রতিবাদ চিঠি পাঠিয়েছে রাজ্য সরকার।
প্রশাসনিক বৈঠকে মমতা স্পষ্ট জানিয়ে দেন, আইনশৃঙ্খলা রাজ্য পুলিশের বিষয়। সেখানে কেন্দ্রীয় বাহিনীর কিছু করার নেই।
রাজ্য বিজেপি নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, কিছু বিশেষ লোকজন বিএসএফের এখতিয়ার বৃদ্ধির সুবিধা ভোগ করবেন।
মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এর আগেও বিএসএফ বালুরঘাট, হিলি বা কোচবিহারে ঢুকে গুলি চালিয়েছে।
এ দিন তিনি আবারও বলেন, ‘আমরা আপত্তির কথা জানিয়ে চিঠি দিয়ে দিয়েছি। পাঞ্জাবসহ অন্য রাজ্যগুলোও তাদের আপত্তির কথা জানিয়েছেন।’
সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কয়েকটি রাজ্যে বিএসএফের এখতিয়ারে থাকা ১৫ কিলোমিটার বাড়িয়ে ৫০ কিলোমিটার করেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এমন সিদ্ধান্তে নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশ্য নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। তাই এখানে এখতিয়ার বাড়ানোর দরকার নেই।’