‘সাজানো বন্দুকযুদ্ধে’ হত্যার দায়ে ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড

‘সাজানো বন্দুকযুদ্ধে’ এক তরুণকে হত্যা করায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত।

এ ঘটনায় আরও ছয়জনকে ‘সন্ত্রাসবিরোধী আদালত’ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বলে সোমবার জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই কনস্টেবল পুলিশের অ্যান্টি-কার লিফ্টিং সেলের (এসিএলসি) সাবেক প্রধানের দেহরক্ষী ও গাড়িচালক ছিলেন।

গত ২০১৮ সালে ইন্তিজার আহমেদ নামের ১৯ বছর বয়সী ওই তরুণকে করাচির ডিফেন্স হাউজিং কর্তৃপক্ষের পাশে ‘পরিকল্পিত বন্দুকযুদ্ধে’ হত্যা করা হয়।

এ ঘটনায় কনস্টেবল বিলাল রাশীদ এবং মোহাম্মদ দানিয়েলকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন সন্ত্রাসবিরোধী আদালতে বিচারক।

এছাড়া যাবজ্জীবন সাজা হয় এসিএলসি’র ছয় কর্মকর্তার। তারা হলেন- তৎকালীন স্টেশন হাউজ অফিসার তারিক মেহমুদ, সাবেক পরিদর্শক তারিক রাহীম ও আজহার আহসান, তৎকালীন প্রধান কনস্টেবল শাহিদ উসমান এবং সাবেক কনস্টেবল গুলাম আব্বাস ও ফাওয়াদ খান।

সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধান কনস্টেবল গুলাম আব্বাসকে খালাস দেওয়া হয়েছে।