জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, মেয়েশিশুটির বয়স ছিল এক দিন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বন্ধ ফটকের কাছ থেকে মেয়েশিশুটিকে উদ্ধার করা হয়। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই জাফর বলেন, ৯৯৯–এ ফোন করে বিশ্ববিদ্যালয় এলাকায় নবজাতক পাওয়ার খবর জানান এক ব্যক্তি। পুলিশ ওই নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর শিশুটিকে দাফন করা হবে। নিয়ম অনুযায়ী, এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হবে।