ভারত-পাকিস্তান ম্যাচের পর পাকিস্তানের জয় উদ্যাপনকে কেন্দ্র করে কাশ্মীরি ছাত্রের ওপর ভারতীয় হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় কাশ্মীরের দুটি মেডিকেল কলেজের অজ্ঞাতনামা ছাত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। খবর: আল জাজিরা
কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত সরকারি মেডিকেল কলেজ এবং শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ছাত্ররা আবাসিক হলের বাইরে এসে পাকিস্তানের জয়োল্লাস করে। পরে তাদের সেই উদ্যাপনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়, সেই সূত্র ধরেই ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার, কাশ্মীরের একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, ক্রিকেট ম্যাচ চলার সময় ‘জাতীয় অনুভূতিতে আঘাত’র জন্য ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে, পুলিশের করা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে (এফআইআর) কোনো শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়নি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান তিনি।
কাশ্মীরের ছাত্রদের বিজয় উদ্যাপনকে কেন্দ্র করে ভারতের পাঞ্জাবে প্রায় ১২ জনেরও অধিক ছাত্রের ওপর স্থানীয়রা হামলা করে। সেই ঘটনার পর পরেই ছাত্রদের বিরুদ্ধে মামলা কাশ্মীরে ক্ষোভের জন্ম দিয়েছে।
পাঞ্জাবে হামলার শিকার শিক্ষার্থীরা অভিযোগ করেন, তারা তাদের কক্ষে খেলা দেখছিলেন তখন লাঠি নিয়ে কিছু লোক তাদের ওপর হামলা চালায়, এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারতবিরোধী মনোভাব কাশ্মীরে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ওই ক্রিকেট ম্যাচের পরের যে প্রতিক্রিয়া তা অনেকটাই জটিল করে তুলেছে। সেখানকার বাসিন্দারা প্রকাশ্যে পাকিস্তানকে রাজনৈতিক বিবৃতি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।