সিনিয়র জুনিয়রের আধিপত্য নিয়ে ১০ম শ্রেণির নতুন ও পুরোনো ছাত্রদের সংঘর্ষ

পিরোজপুরের কাউখালীর কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুই শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষ স্কুল মাঠে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকালে ক্লাস শুরুর পর ২০২১ ও ২০২২ সালের পরীক্ষার্থী অর্থাৎ পুরোনো দশম ও নতুন দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

পরে বিদ্যালয়ে আসা সকল শিক্ষার্থীদের মাঝে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। মাঠ জুড়ে শিক্ষার্থীরা লাঠি নিয়ে যে যার মতো সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। এতে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ থামাতে শিক্ষকেরা না পারায় প্রধান শিক্ষকের অনুরোধে ম্যানেজিং কমিটির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান থানা-পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে শিক্ষকেরা ৪ জন শিক্ষার্থীকে চিহ্নিত করে প্রধান শিক্ষকের নিকট ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ ব্যাপারে থানা-পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন জানান, ঘটনাটি ঘটেছে। পরে থানা-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগামীদিন এ বিষয় নিয়ে ছাত্র অভিভাবকের সমন্বয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।