টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে যদি কেউ নামিবিয়ার সুপার টুইলভে ওঠার কথা বলতেন নির্ঘাত তাকে পাগল ভাবা হতো। অথচ সেই নামিবিয়াই আজ সুপার টুয়েলভ খেলতে নামছে। আজ তাদের প্রতিপক্ষ প্রথম পর্বে বাংলাদেশের গ্রুপ থেকে তিন ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে ওঠা স্কটল্যান্ড।
টেস্ট খেলুড়ে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা অঘটন ঘটিয়েছে নামিবিয়া। মাত্র ২৫ লাখ মানুষের দেশ। ক্রিকেট পিচ আছে ৯টি। সেখানে খেলেই এমন সাফল্য। আজ জিতলে সেই সাফল্যের মুকুটে আরও একটা পালক যুক্ত হবে। টানা ১০ বছর ধরে এই জায়গায় আসার জন্য তৈরি হয়েছে নামিবিয়া। তাদের সেরা তারকা দক্ষিণ আফ্রিকার হয়ে ২৭ ম্যাচ খেলা ডেভিড ভিসে। নামিবিয়ান ক্রিকেট নিয়ে তিনি বলেছেন, ‘পরিবার নিয়ে আমি নামিবিয়াতে থাকি। আমার বাবাও এই দেশে জন্মেছিলেন। এখানেই আমি বেড়ে উঠেছি। স্কুলে পড়েছি। নামিবিয়া আমার নিজের পরিবারের মতো। এই দেশের হয়ে খেলার সিদ্ধান্ত আমার কাছে স্বতঃস্ফূর্ত। আমি ১০ বছরে নামিবিয়ান ক্রিকেটের বেড়ে ওঠা দেখেছি। ওখানকার ঘরোয়া ক্রিকেট পরিকাঠামো দক্ষিণ আফ্রিকার মতো।’
স্কটল্যান্ডের সুপার টুয়েলভ মিশনের শুরুটা মোটেই ভালো হয়নি। প্রথম ম্যাচে তারা আক্ষরিক অর্থেই উড়ে গেছে। আফগানিস্তানের কাছে ১৩০ রানে হেরেছে। মুজিব উর রহমান এবং রাশিদ খানের ঘূর্ণির মুখে মাত্র ৬০ রানে অলআউট হয়েছিল তারা। আজ নামিবিয়ার বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চাইবে স্কটল্যান্ড। কুটজার বলেছেন, ‘আমরা মাঠে লড়াই করতে চাই। দেখতে চাই আমরা সত্যিকার অর্থে কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। তাই আফগানিস্তান ম্যাচের বিপর্যয় কাটিয়ে আজ ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।’ স্কটিশদের আশার গুড়েবালি দেওয়ার ক্ষমতা আছে নামিবিয়ার। টি-২০ ফরম্যাটে দুবারের দেখায় দুবারই জিতেছে তারা। সর্বশেষ গত ৯ অক্টোবর দুবাইয়ে ১৩৭ রানে স্কটিশদের আটকে দিয়ে ৫ উইকেটে জিতেছেন এরাসমাস-ভিসেরা।