পৃথক সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ট্রাকের হেলপার ও শিক্ষার্র্থী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় এবং সদর উপজেলার তারটিয়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে খালেদ হাসান (২৫)। তিনি মির্জাপুর কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। অপরজন নোয়াখালীর কবিরহাট উপজেলার আলাউদ্দিন আহমেদের ছেলে রবিউল ইসলাম (২১)। তিনি ট্রাকের হেলপার ছিলেন।
পুলিশ জানায়, রবিউল উত্তরাঞ্চল থেকে চালকের সঙ্গে ট্রাকে ঢাকা ফিরছিলেন। সকালের নাশতা খাওয়ার জন্য চালক ট্রাকটি মির্জাপুর ফিলিং স্টেশনের সামনে থামান। নাশতা খাওয়ার পর রবিউল চা খেতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ রবিউলের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেন।
অপরদিকে, সকালে মহাসড়কের সদর উপজেলার তারটিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী খালেদ হাসান নামে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় তার বড় ভাই বিপ্লব খান (৩৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নবীন বিষয়টি নিশ্চিত করেছেন।