সার্ভিস ইঞ্জিন লিমিটেড'র চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিডেট'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এ এস এম মহিউদ্দীন মোনেম পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্ডাস্ট্রিয়াল অ্যাওয়ার্ড। শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে হাই-টেক ইন্ডাস্ট্রি বিভাগের প্রথম স্থানে অ্যাওয়ার্ডটি গ্রহণ করে তার প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড।
জানা গেছে, সার্ভিস ইঞ্জিন লিমিটেড এক দশকেরও বেশি সময় ধরে দেশের কম্পিউটার ও সফটওয়্যার খাতে অবদান রেখে আসছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল অ্যাডভারটাইজিং, মিডিয়া ও টেক সার্ভিস দেয়া এই প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে কাজ করছে। বিপিও সার্ভিসকে পোশাক শিল্পের বিকল্প বৈদেশিক মুদ্রা আয়ের শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
আরও জানা যায়, প্রতিষ্ঠানটি ডিজিটাল অ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডেটা সলিউশন, মিডিয়া প্ল্যানিং, ও কোয়ালিটি এ্যাসুরেন্স নিয়ে কাজ করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ হাজার দক্ষ তরুণ কাজ করছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অটোমেশন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেয় তারা। বাংলাদেশের পরিকল্পনা, তথ্য ও প্রযুক্তি, কৃষি, খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন আইটি-আইটিএস প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে দেশ ডিজিটালাইজেশনেও কাজ করে যাচ্ছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।
উল্লেখ্য, সার্ভিস ইঞ্জিন লিমিটেডর এ এস এম মহিউদ্দিন মোনেম এর আগে বাংলাদেশ সরকারের ৬ বার ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি, ৪ বার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, ৬ বার বেষ্ট ট্যাক্স পেয়ার অ্যাওয়ার্ড এবং হয়েছেন ৮ বার দেশের কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন (সিআইপি) অর্জন করেছেন।
এ ছাড়া এএসএম মহিউদ্দীন মোনেম চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে ২০০৪ সাল থেকে নিয়োজিত আছেন বাংলাদেশে।