এশিয়ার অন্যতম পরিবেশ দূষণকারী দেশ হতে যাচ্ছে বাংলাদেশ: টিআইবি

বাংলাদেশে নির্মাণাধীন কয়লা বিদ্যুৎ প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশটি এশিয়ার অন্যতম পরিবেশ দূষণকারী দেশে পরিণত হবে। যা সরকারের কার্বন নিঃসরণ সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)।

আসন্ন কপ-২৬ জলবায়ু সম্মেলন উপলক্ষে টিআইবি’র অবস্থান ও সুপারিশপত্র’ প্রকাশের জন্য আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা জানায় প্রতিষ্ঠানটি।

টিআইবি জানিয়েছে, বাংলাদেশ সংশোধিত ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন (আইএনডিসি) জমা দিলেও সেখানে কার্বন হ্রাসের বাড়তি কোনো কার্যক্রম ও পরিকল্পনা প্রদান করা হয়নি। সরকার ইতিমধ্যে প্রস্তাবিত ১০টি কয়লা বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে নতুন করে কয়লা প্রকল্প না করার ঘোষণা আসেনি। রামপাল, মাতারবাড়ি, বাঁশখালী প্রকল্পসহ মোট ১৯টি কয়লা ও এলএনজিভিত্তিক প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ এশিয়ার অন্যতম কয়লা দূষণকারী দেশে রূপান্তরিত হবে।

এ বিষয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কপ সম্মেলন-২৬ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ সময় ফুরিয়ে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ দেশের ফোরামের সভাপতি আমাদের প্রধানমন্ত্রী। সেই বিবেচনায় আমাদের অবস্থান আরও সুসংহত করার সুযোগ রয়েছে। জলবায়ু ক্ষতিকারক দেশগুলো শক্তিশালী হওয়ার কারণে পিছিয়ে গেলে চলবে না। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে চাপ অব্যাহত রাখতে হবে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্যারিস চুক্তি বাস্তবায়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করতে ৩১ অক্টোবর ২০২১ যুক্তরাজ্যের গ্লাসগোতে শুরু হতে যাচ্ছে বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-২৬। সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো এবং বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য ক্ষতিপূরণ আদায়ে করণীয় বিষয়ে টিআইবির অবস্থান ও সুপারিশপত্র প্রকাশ উপলক্ষে টিআইবি কার্যালয় থেকে এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।