ভারতে অবিবাহিত পুরুষদের আত্মহত্যার মিছিল

ভারতে আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। আত্মহত্যাকারীদের মধ্যে অবিবাহিত পুরুষদের সংখ্যাই বেশি বলে এক পরিসংখ্যানে উঠে এসেছে।

চলতি বছর দেশটিতে প্রায় ২৫ হাজার অবিবাহিত পুরুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আর দেশজুড়ে ১০ মাসে দেড় লাখের বেশি মানুষ আত্মহত্যা করেছেন; যা গত বছরের চেয়ে বেড়েছে ১০ শতাংশ।

আত্মহত্যা নিয়ে বৃহস্পতিবার দেশটির ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রকাশিত তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে প্রায় ২৫ হাজার অবিবাহিত ব্যক্তি আত্মহত্যা করেছেন। এর তুলনায় অবিবাহিত নারীর আত্মহত্যার সংখ্যা ১১ হাজারের কাছাকাছি।

পুরুষদের মধ্যে ১৮-৩০ বছর ও ৩০-৪৫ বছরের মধ্যে আত্মহত্যার প্রবণতা প্রায় সমান। এই দু’টি বয়সে আত্মহত্যা করেছেন যথাক্রমে ৩৪ হাজার ৬২৯ ও ৩৬ হাজার ৫২৫ জন।

অন্যদিকে ১৮-৩০ বছরের নারীরা চলতি বছরে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন। এই সংখ্যাটি হলো ১৮ হাজার ৭৩ জন।

পরিসংখ্যানে দেখা যায়, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি যা ২৩.৪ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ মাসে ভারতে ১ লাখ ৫৩ হাজার ৫২ জন আত্মহত্যা করেছেন যা গত বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

আত্মহত্যার মোট ঘটনায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র (১৯,৯০৯)। চতুর্থ অবস্থানে থাকা পশ্চিমবঙ্গের ১৩ হাজার ১০৩ জন আত্মহত্যা করেছেন যা ভারতের মোট আত্মহত্যার ৮.৬ শতাংশ।

আত্মহত্যার কারণ বিশ্লেষণে বলা হয়, পারিবারিক কলহের কারণে ৩৩.৬ শতাংশ আত্মহত্যা করেছেন। ১৮ শতাংশ মানুষ শারীরিক অসুস্থতা সহ্য না করতে পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। বিয়ে ও প্রেমজনিত কারণে আত্মহত্যা করেছেন যথাক্রমে ৫ ও ৪.৪ শতাংশ মানুষ। পরীক্ষায় ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছেন ১.৪ শতাংশ শিক্ষার্থী।

জীবিকার দিক থেকে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন দিনমজুররা যা প্রায় এক-চতুর্থাংশ (২৪.৬ শতাংশ)। মানসিক অবসাদে ভুগে আত্মহত্যার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৃহবধূরা (১৪.৬ শতাংশ)। খবর: আনন্দবাজার।