৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় সারাদেশে চার লাখ প্রার্থী অংশ নিয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কেন্দ্রগুলোতে শুক্রবার সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। আটটি বিভাগীয় শহরের ৩৬৯টি কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা চলে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০টি প্রশ্নের প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বরের বিপরীতে প্রতিটি ভুল উত্তরে কমবে শূন্য দশমিক ৫০ নম্বর।

বরাবরের মতই বই, ব্যাগ, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করায় নিষেধাজ্ঞা ছিল।

গত বছরের ৩০ নভেম্বর বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগের জন্য ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।

এর মধ্যে সাধারণ ক্যাডারে ৫৫০ জন, টেকনিক্যাল ক্যাডারে ৩১০ জন, সাধারণ শিক্ষা ক্যাডারের সাধারণ কলেজে ৮৪৩ জন, শিক্ষক প্রশিক্ষণ কলেজে ১২ জন এবং কারিগরি শিক্ষা ক্যাডারে ৯৯ জন নিয়োগ পাবেন।

গত বছরের ৩০ ডিসেম্বর এই বিসিএসের আবেদন গ্রহণ শুরু হয়। পরে মহামারী পরিস্থিতিতে কয়েক দফা বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়।

এবার ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন প্রার্থী আবেদন করেছেন।