ক্রিস গেইল, এভিন লুইসরা পরেননি। তবে নিকোলাস পুরান ঝড় তুললেন। ১৩তম ওভারে উইকেটে এসে খেলেছেন ২২ বলে ৪০ রানের ইনিংস। সুবাদে চাপ কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি গড়ল ওয়েস্ট ইন্ডিজ।
শারজাহয় বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে উইন্ডিজ। পুরানের ব্যাটে ৭ উইকেটে ১৪২ রান করেছে ক্যারিবীয়রা।
শারজাহর এই উইকেটে ১৪৩ রানের লক্ষ্য খুব সহজ হবে না বাংলাদেশের জন্য।
পুরান ১ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান। জেসন হোল্ডার শেষ দিকে ৫ বলে ২ ছক্কায় অপরাজিত ১৫ রান করেন।
১৩তম ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়া কিয়েরন পোলার্ড শেষ ওভারে ফের ব্যাটিংয়ে নামেন। শেষ বলে ছক্কা হাঁকান তিনি। অপরাজিত ১৪ রান করেন তিনি ১৮ বল খেলে।
মোস্তাফিজের করা শেষ ওভারটিতেই হোল্ডার হাঁকান দুই ছক্কা। ওই ওভারে ১৯ রান নিয়ে ইনিংস শেষ করে ক্যারিবীয়রা।
তিন নম্বরে নেমে রোস্টন চেজ খেলেছেন ৪৬ বলে ৩৯ রানর ইনিংস।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জন্যই এই ম্যাচ ‘মাস্ট উইন গেম’।