অন্য গ্রুপের কর্মীর ছোট ভাই পরিচয় দেওয়ায় ভর্তিচ্ছু দুই পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্বদ্যিালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন এর কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
শুক্রবার দুপুর ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
পরে আহতাবস্থায় তাদের চবি মেডিকেল সেন্টারে নিয়ে যান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
মারধরকারীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ সেশনের জুয়েল, একই সেশনের সংস্কৃত বিভাগের অনিক দাশ, লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সুমন, বাংলা বিভাগের সবুজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের রনি, ইবনুল ও জাবেদ।
মারধরকারীরা চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আ জ ম নাছির ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত বলে জানা যায়।
জানা যায়, ভর্তি পরীক্ষা শেষে দুপুর ৩টার দিকে ভূক্তভোগী দুই শিক্ষার্থী বাড়ি ফিরতে রেল স্টেশনে যায়। কিছুক্ষণ পর সিক্সটি নাইনের ৭/৮ জন কর্মী তাদের নাম, ঠিকানা জিজ্ঞেস করে। এসময় তারা বিজয় গ্রুপের কর্মী বখতিয়ারের ছোট ভাই পরিচয় দিলে সিক্সটি নাইনের কর্মীরা তাদের কিল-ঘুষি মারতে থাকে। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান পরীক্ষার্থীরা। পরে তাদের উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, আমি শুনেছি। দুপুরে আমি মিটিংয়ে ছিলাম। বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আহত দুই ভর্তিচ্ছু হলেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খোরশেদ আলমের ছেলে আরাফাত হোসেন ও রাউজান উপজেলার আবদুল কাদের ছেলে আকতার হোসেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন গ্রুপের নেতা ইকবাল হোসেন টিপুর ফোনে অনেকবার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি।