জয়ের পাল্লা বাংলাদেশের দিকে

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয়ের পথে বাংলাদেশ।

১৫ ওভার শেষে টাইগারদের স্কোর ৯৯/৪।

শেষ ৩০ বলে ৪৪ রান চাই। লিটন দাস ৩৪ ও মাহমুদউল্লাহ ৭ রান নিয়ে ব্যাট করছেন।

এমন পরিস্থিতি থেকে ম্যাচ জিততে না পারলে সেটা বড় ব্যর্থতা হবে।

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে দুই দলের জন্যই এই ম্যাচে জয়ের বিকল্প নেই। সুপার টুয়েলভে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ যারা হারবে, তাদের গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে।

এদিন লক্ষ্য তাড়ায় মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ওপেনিংয়ে নেমে ১২ বলে ৯ রান করেন সাকিব।

নাঈম ১৯ বলে ১৭ রান করেন। তিনে নামা লিটন খোলস ছেড়ে বেরিয়ে ভালো খেলছেন। সৌম্য সরকার ১৩ বলে ১৭ রান করে আউট হয়েছেন। ৭ বলে ৮ রান করে মুশফিকুর রহিম রবি রামপালকে স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা উইন্ডিজ নিকোলাস পুরানের ২২ বলে ৪০ রানে ভর করে ৭ উইকেটে ১৪২ রানের পুঁজি গড়ে।

বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।