বিশ্বের সবচেয়ে বড় মোজাইকের মেঝেগুলোর একটি দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অধিকৃত পশ্চিম তীরের শহর জেরিকোতে হিশাম প্রাসাদের মেঝে এটি।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, এ মোজাইকের মেঝে সংস্কার করতে পাঁচ বছর সময় লেগেছে। খরচ পড়েছে এক কোটি ২০ লাখ ডলার।
হিশাম প্রাসাদের মেঝেতে ব্যবহৃত মোজাইক এক হাজার বছরেরও বেশি পুরোনো। ১৯শ শতকে প্রাসাদটি আবিষ্কৃত হয়।
আবিষ্কৃত হওয়ার পরও প্রাসাদটি মেরামতের অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। ২০১৬ সালে জাপান সরকারের অর্থ সহায়তায় এর সংস্কারের কাজ শুরু হয়।
উমাইয়া রাজবংশের আমলে নির্মিত এই হিশাম প্রাসাদ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নিদর্শন। উমাইয়া রাজবংশ ৬৬০ খ্রিষ্টাব্দ থেকে ৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেছে।
সংস্কারের ফলে মৃত সাগরের কাছে ১৫০ একর এলাকা জুড়ে থাকা প্রাসাদে পর্যটন বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ।
হিশাম প্রাসাদের মেঝেতে ব্যবহার হওয়া মোজাইকের প্যানেলগুলোর প্রতিটির আয়তন ৮৩৫ বর্গমিটার। এখানে ৫০ লাখ মোজাইক ও মোজাইকের ছোট টুকরো ব্যবহার করা হয়েছে।
মোজাইকের ডিজাইনগুলো বেশ তাৎপর্যপূর্ণ। যেমন; একটিতে দেখা যাচ্ছে একটি হরিণ এবং দুটি গেজেল। হরিণের ছবির অর্থ যুদ্ধ, আর গেজেলের ছবির অর্থ শান্তি।