ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার দেড় বছর আগে বাগদান সারলেও বিয়ের পিঁড়িতে বসেননি। কিন্তু কেন? নিজেই জানালেন তার কারণ । শুক্রবার রাতে একটি ফ্যাশন হাউসের শো-রুম উদ্বোধনের সময় সাংবাদিকদের মুখোমুখি হন নুসরাত ফারিয়া। সেখানেই তিনি বলেন, “বিয়ে নিয়ে কোন পরিকল্পনা নেই। আপাতত বিয়ে করছি না। দ্যাটস ক্লিয়ার (এটা পরিস্কার)! বিয়ে করতে সবকিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস সময় লাগে। সেই সময়টা আমার কাছে নেই। মহামারির জন্য দুই বছরের মতো পিছিয়ে গেছি। মহামারি কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে৷ তাই আপাতত বিয়ে করছি না।”
বর্তমান ব্যস্ততা নিয়ে নুসরাত ফারিয়া বলেন, “এই মুহূর্তে আমার হাতে অনেক কাজ। অনেকগুলো স্ক্রিপ্ট হাতে আছে। ওটিটি, সিনেমা এসব নিয়েই সামনে ব্যস্ত থাকতে হবে।”
ফারিয়ার হবু বরের নাম রনি রিয়াদ রশীদ। প্রায় ৭ বছর প্রেমের পর দেড় বছর আগে তারা বাগদান করেছিলেন। বলেছিলেন, শিগগিরেই বিয়ে করতে যাচ্ছেন তারা। তবে আপাতত যে তা হচ্ছে না, সেটা ফারিয়ার কথায় স্পষ্ট।