ফের ড. কামালকে ছাড়াই গণফোরামের কাউন্সিলের ঘোষণা একাংশের

গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামালকে ছাড়াই আবারও দলের কাউন্সিল করার ঘোষণা দিয়েছে মন্টু-আবু সাইয়িদ গ্রুপ। আগামী ৩ ডিসেম্বর এই কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে গণফোরাম (একাংশ) কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শেষে দুপুর ১টায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নে বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেন, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও কার্যকর গণতন্ত্র চাই। সেই লক্ষ্যে গণফোরাম তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। এই সরকার দুর্নীতিবাজ ও কালো বাজারিদের সঙ্গে আঁতাত করে দেশ পরিচালনা করছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। নতুন প্রজন্মকে সংগঠিত করে দুর্নীতিবাজ, অগঠনতান্ত্রিক ও ফ্যাসিবাদী এ সরকারকে উচ্ছেদ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই।

তিনি আরও বলেন আমরা তত্ত্বাবধায়ক সরকার অথবা সব দলের মতামতের ভিত্তিতে সমঝোতার সরকারের অধীনে নির্বাচন চাই।

সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের মুখপাত্র ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব সিনিয়র আইনজীবী অ্যাড. সুব্রত চৌধুরী, অ্যাড. জগলুল হায়দার আফ্রিক, অ্যাড. মোহসীন রশিদ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক রতন ব্যানার্জি, ময়মনসিংহের নেতা আবু রায়হান, সিলেটের আনসার খান, ফরিদপুরের নেতা বিশ্বজিৎ গাঙ্গুলী, কুমিল্লার আব্দুস সাত্তার পাঠান, ঠাকুরগাঁওয়ের রফিকুল ইসলাম, হবিগঞ্জের শ্যামল কান্তি দাস, মৌলভীবাজারের বকশি ইকবাল, জয়পুরহাটের মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন জেলা, মহানগর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুব্রত চৌধুরী বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ বিষয়ে জনগণের মধ্যে ঐকমত্য সৃষ্টি হয়ে আছে। তাই আমরা জোর দাবি জানাচ্ছি জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ ইসি পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে।