ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অধীনে থাকা আবাসিক হল ইউনিটের সম্মেলন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস দেশ রূপান্তরকে বলেন, আবাসিক হলগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাণ। ক্যাম্পাসে ছাত্রলীগকে গতিশীল করতে হল সম্মেলন করা হচ্ছে। সম্মেলনের মাধ্যমে যারা নেতা হবেন তারা ভবিষ্যতে ছাত্রলীগকে আরও শক্তিশালী করে তুলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হল ছাত্রলীগের বার্ষিক সম্মেলন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সম্মেলন উৎসবমুখর, নান্দনিক ও সুপরিকল্পিত করতে প্রতিটি হলের কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আগামীর নেতৃত্বকে শহীদের রক্তস্নাত, সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও বাংলাদেশের সাহসী অভিযাত্রার সারথি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার রূপকল্প উপযোগী হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।