ক্যামব্যাকের গল্প লেখার ক্ষেত্রে খ্যাতি আছে লিভারপুলের। তবে এবার তাদেরই মাঠে স্মরণীয় ক্যামব্যাক করল ব্রাইটন। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও অ্যানফিল্ডে ২-২ গোলে ড্র করেছে অলরেডরা।
ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল লিভারপুল। মোহামেদ সালাহর পাসে ১৮ গজ দূর থেকে শটে ব্রাইটনের জাল খুঁজে নেন অধিনায়ক জর্ডান হ্যান্ডারসন।
এরপর অ্যালেক্স অক্সালেড-চেম্বারলেইনের ক্রসে ২৪তম মিনিটে হেডে লিভারপুলের ব্যবধান দ্বিগুণে করেন সাদিও মানে।
৪১তম মিনিটে সোলি মার্চের পাস থেকে ২৫ গজ দূর থেকে শট নেন এনক মোয়েপু। গোলরক্ষক অ্যালিসনকে ফাঁকি দিয়ে বল চলে যায় জালে। প্রিমিয়ার লিগের এই প্রথম গোল পেলেন মোয়েপু।
লিভারপুলের জয়টা কেড়ে নেন তাদেরই সাবেক তারকা অ্যাডাম লালানা ও লিয়ান্দ্রো ট্রোসার্ড মিলে। ৬৫তম মিনিটে লালানার পাস থেকে ব্রাইটনকে সমতায় ফেরান ট্রোসার্ড।
রোমাঞ্চকর ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে জালের দেখা পেয়েছিলেন সালাহ ও মানে। কিন্তু এই দুই ফরোয়ার্ডের গোল বাতিল হয় হ্যান্ডবল ও অফসাইডের কারণে।
প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে লেস্টার সিটিকে তাদেরই মাঠ কিং পাওয়ারে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে গোল দুটি করেছেন গ্যাব্রিয়েল ও স্মিথ রো।
প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় মাইকেল আর্তেতার দল। বেশ কয়েকটি দুর্দান্ত সেভে আর্সেনালের জাল রক্ষা করেন গোলরক্ষক অ্যারন রামসদালে।
আরেক ম্যাচে রিস জেমসের জোড়া গোলে নিউক্যাসল ইউনাইটেডকে তাদেরই মাঠে সেন্ট জেমস পার্কে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। পেনাল্টি থেকে দলের তৃতীয় গোলটি করেন জোর্গিনহো।
দারুণ জয়ে ১০ ম্যাচের ১৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে উঠে এসেছে আর্সেনাল। এক পয়েন্ট কম নিয়ে তাদের পেছনে ব্রাইটন। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে লেস্টার। শীর্ষস্থান ধরে রাখা চেলসির পয়েন্ট ২৫।