রাজশাহীতে ৭ মাস পর ফিরল প্রজাপতি বাতি

রাজশাহীতে ঝড়ে ভেঙে পড়ার প্রায় সাত মাস পর সড়কের দৃষ্টিনন্দন প্রজাপতি বাতি বসানোর কাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে খুঁটি ও সড়ক বাতিগুলো লাগানো হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার।

তিনি বলেন, ‘ক্রেন না পাওয়ায় এতদিন খুঁটি বসানো সম্ভব হয়নি। বাইরে থেকে ক্রেন এনে কাজ শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই কাজ শেষ হবে। এবার খুঁটিতে আগের চেয়ে বেশি ফাউন্ডেশন দেওয়া হচ্ছে।’

প্রায় ৫ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর বিলশিমলা থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক ডিভাইডারে বসানো হয় ১৭৪টি দৃষ্টিনন্দন বাতি। খুঁটির ওপরের অংশে প্রজাপতির মতো ডানা মেলে থাকা দুই পাশে দুটি করে এলইডি বাতির কারণেই এটি রাজশাহীর ‘প্রজাপতি’ সড়ক নামে পরিচিতি পায়। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে প্রতিটি খুঁটি বসানোর পর চলতি বছর ১১ ফেব্রুয়ারি উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তবে উদ্বোধনের দুই মাস না যেতেই গত ৪ এপ্রিল বিকেলে হালকা ঝড়ে সড়কের ৮৬টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে উপড়ে যায় ৪০টি আর হেলে পড়ে ৪৬টি। এ ঘটনার পর রাসিক বিদ্যুৎ বিভাগের ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, দুই রাতের মধ্যে সব সড়ক বাতি মেরামত করা হবে। তবে দীর্ঘদিনেও সড়ক বাতি মেরামত না করায় সমালোচনা শুরু হয়।