সড়কের পাশের খুঁটিতে ধাক্কা, মোটরসাইকেল চালকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খুঁটিতে ধাক্কা লেগে মিঠুন বেপারি (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর চেরাগ আলী মাজারের পাশে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে রবিবার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিঠুন পাশের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের চৌড়াপাড়া গ্রামের হারিস বেপারীর ছেলে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, মিঠুন তার বড় ভাই কামরুজ্জামানকে মাওনা চৌরাস্তায় নামিয়ে দিয়ে বরমী হয়ে বাড়িতে ফিরছিলেন। পরে সাতখামাইর চেরাগ আলী মাজারের কাছে পৌঁছে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান।

এ সময় সড়কের পাশে কংক্রিটের একটি খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মিঠুন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। 

 শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শফিকুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।