সরকারের নানা গেমের মধ্যে কুমিল্লাসহ দেশের নানা স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনাও একটা গেম বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর পলিসি হলো, বহির্বিশ্বকে বোঝানো যে, আমিই একমাত্র অসাম্প্রদায়িক রাজনীতি করি আর বিএনপি হলো সাম্প্রদায়িকতাকে উসকে দেয়। এটা আন্তর্জাতিক মহলকে বোঝানোর জন্য নানা ধরনের অসদুপায় গ্রহণ করেন তারা। তারা গোপনে সাম্প্রদায়িক হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালায়। এটাই হলো তার রাজনৈতিক পলিসি।
রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, মানুষ বিশ্বাস করে কুমিল্লাসহ দেশের নানা স্থানে পূজামণ্ডপের যে ঘটনা ঘটেছে এটা সরকারের নানা গেমের মধ্যে এটাও একটা গেম। জনগণ যাতে সরকারের ব্যর্থতাগুলো না দেখে এই কারণে এই ঘটনা ঘটানো হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিমা মূর্তি ভাঙার ঘটনা আমরা দেখিনি। অথচ বিএনপিকে সাম্প্রদায়িকতার সাথে, বিএনপিকে জঙ্গিবাদের সাথে জড়ানোর এমন কোন চেষ্টা নেই, যা এই সরকার করেনি।
বিএনপির এই মুখপাত্র বলেন, আমরা যেকোনো ধর্মের মানুষ হতে পারি, মসজিদে কিংবা মন্দিরে যেতে পারি। আমরা মানবিকতার কথা বলি। আমরা মানবিকতায় বিশ্বাস করি। আমরাই সবচেয়ে বড় অসাম্প্রদায়িক দল।
বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।