আলাভেসের বিপক্ষে শনিবার লা লিগের ম্যাচে বুকে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান বার্সেলোনার আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। আগামী কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন ম্যানচেস্টার সিটির সাবেক এই তারকা।
এই গ্রীষ্মে বার্সেলোনায় নাম লেখানো আগুয়েরো আলাভেসের বিপক্ষে শুরুর একাদশে মাঠে নামেন। তবে ৪১ মিনিটেই মাঠ ছেড়ে যান বুকে অস্বস্তি নিয়ে। মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মার্কা তাদের প্রতিবেদনে বলেছে, আগুয়েরোর সমস্যা নির্ণয়ে পুরো হার্টের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। ন্যু ক্যাম্পে খেলা চলাকালে যে ধরনের সমস্যায় পড়েছিলেন আগুয়েরো, এটা ফুটবলারদের ক্ষেত্রে সচরাচর ঘটে না। তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে ফিরতে পারবেন না আগুয়েরো।
এদিকে স্পোর্ত তাদের খবরে বলেছে, চিকিৎসকেরা নির্ণয় করেছেন অ্যারিথমিয়া বা অনিয়মিত হৃৎস্পন্দনে ভুগছেন আগুয়েরো। এ ধরনের সমস্যায় তিনি আগেও ভুগেছেন বলে স্পোর্তের খবর।
৩৩ বছর বয়সী আগুয়েরো সদ্যই চোট কাটিয়ে মাঠে ফিরেছিলেন। এ মৌসুমে সব মিলে পাঁচ ম্যাচ খেলেছেন তিনি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে একটি গোল করেন।
আরো পড়ুন