বুকে অস্বস্তি নিয়ে গত শনিবার আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচের মাঝ পথেই মাঠ ছেড়ে যান বার্সেলোনা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় হাসপাতালে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন, আগামী ৩ মাস মাঠে নামতে পারবেন না এই আর্জেন্টাইন তারকার।
সোমবার এক বিবৃতিতে আগুয়েরোর ৩ মাসের জন্য ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। বিবৃতিতে জানানো হয়েছে, ডা. জোসেপ ব্রুগাদার অধীনে ডায়াগনস্টিক ও থেরাপির মধ্য দিয়ে যেতে হবে আগুয়েরোকে। তাই আগামী তিন মাস কোনো ম্যাচের জন্য তাকে নির্বাচন করা হবে না। এই চিকিৎসা প্রক্রিয়ার উন্নতি বিবেচনা করে নির্ধারণ করা হবে পরবর্তী কার্যক্রম।
ক্যাম্প ন্যুয়ে আলাভেসের বিপক্ষে ১-১ ড্র ম্যাচের ৪১ মিনিটে হঠাৎ করেই বুকে চেপে ধরে মাঠে লুটিয়ে পড়েন ৩৩ বছর বয়সী আগুয়েরো। বাধ্য হয়েই মাঠ ছাড়তে হয় তাকে। মাঠেই কয়েক মিনিট ধরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে স্ট্রেচার নিয়ে আসা হলেও হেঁটে হেঁটেই মাঠ ছাড়েন আগুয়েরো।
পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বার্সেলোনা জানায়, ‘আগুয়েরো শ্বাসকষ্ট বোধ করছিলেন। কার্ডিয়াক পরীক্ষা করানোর জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’
পরীক্ষা-নিরীক্ষা করে যা খবর এসেছে, তা ফুটবলপ্রেমীদের আরো হতাশই করেছে। জানা গেছে আগুয়েরোর হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়েছে। অনিয়মিত হৃৎস্পন্দন বা অ্যারিথমিয়ায় ভুগছেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
দীর্ঘ ১০ বছর ম্যানচেস্টার সিটিতে কাটিয়ে এই গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। সিটি অধ্যায়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান আগুয়েরো। ৩৯০ ম্যাচে ২৬০ গোল করে সিটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো।
টুইট বার্তায় যিনি তার সুস্থতার জন্য শুভকামনা ও সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন আগুয়েরো, ‘আমি ভালো আছি এবং দ্রুত সেরে উঠতে চাই। আমি সবাইকে তাদের সমর্থন ও ভালোবাসার বার্তার জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের সমর্থনই আজ আমাকে শক্তিশালী করেছে।’
আরো পড়ুন