ধর্মঘটে মোংলায় বন্দর, ইপিজেডসহ শিল্প-কলকারখানায় পণ্য পরিবহন বন্ধ

জ্বালানি তেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্তের প্রেক্ষিতে পরিবহন ভাড়া নতুন করে নির্ধারণের দাবিতে মোংলায় যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার ভোর থেকে মোংলা থেকে ঢাকা-চট্টগ্রাম, মোংলা-খুলনা, মোংলা-বাগেরহাট-বরিশালসহ সব রুটে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছে মালিক-শ্রমিকেরা।

এ পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় বাগেরহাট-খুলনা যেতে ১০০ টাকা ভাড়ার স্থলে ৩০০ টাকা দিতে হচ্ছে। এতে যাত্রী সাধারণের ভোগান্তি, সময়ের অপচয় ও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। 

অপরদিকে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক চলাচলও। মোংলা বন্দরের জেটির সামনে ও দিগরাজ শিল্প এলাকার বিভিন্ন মিল-কলকারখানার সামনে সব সময় শত শত ট্রাকের জটিল থাকলেও শুক্রবার সে সব জায়গা একেবারে ফাঁকা রয়েছে। ধর্মঘটের কারণে তারা পণ্য পরিবহন বন্ধ রেখেছেন। তাদের দাবি, তেলের দাম বাড়ানো হয়েছে, এতে তাদেরও খরচ বাড়বে। তাই সরকার পরিবহন ভাড়া নির্ধারণ করে না দেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। 

এদিকে ট্রাক চলাচল বন্ধ থাকায় মোংলা বন্দর জেটি, ইপিজেড ও শিল্প এলাকার তেল, গ্যাস, সিমেন্টসহ বিভিন্ন ফ্যাক্টরির পণ্য এবং কাঁচামাল পরিবহন বন্ধ হয়ে গেছে।

মোংলা বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, ট্রাক চলাচল বন্ধ থাকায় আমদানিকারকরা মালামাল বন্দর জেটি থেকে পরিবহন করতে পারছেন না। তবে সড়ক পথে পণ্য পরিবহন বন্ধ থাকলেও জেটির অভ্যন্তরে বোঝাই-খালাসের কাজ চলছে।