শ্রীমঙ্গলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‍্যাবের সঙ্গে কথিত বন্ধুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন বলে দাবি করছে র‍্যাব।

রবিবার ভোরে মিরতিঙ্গা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাব- ৯ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের কমান্ডার বসু দত্ত চাকমা।

তিনি বলেন, আমরা নিহতদের পরিচয় নিশ্চিত হতে কাজ করছি। তবে কেউ কেউ বলছেন এরা কয়দিন আগে হওয়া আলোচিত ব্যবসায়ী নাজমুল হত্যা মামলার আসামি। আমরা পরিচয় যাচাই-বাছাই করে নিশ্চিত হব।

নিহত দুইজন ব্যবসায়ী নাজমুল হাসান হত্যা মামলার এজারভুক্ত ২ নম্বর আসামি তোফায়েল মিয়া, আরেকজন ৮ নম্বর শহীদ মিয়া। দুজনের বাড়ি চৈত্রঘাট এলাকায়। তাদের নিজ নিজ পরিবার মরদেহের ছবি দেখে পরিচয় নিশ্চিত করেছেন। তবে পুলিশ বা র‍্যাব এখনো পরিচয় নিশ্চিত করেনি।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রোববার দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করা হয় কমলগঞ্জের চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল হাসানকে এবং সেদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ওই ভিডিও ক্লিপে দেখা যায়, নিজ কার্যালয়ে সামনে তাকে ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা করে একদল যুবক।

মৃত্যুর আগে ফেসবুক লাইভে নাজমুল জানিয়েছিলেন, হামলাকারীদের মধ্যে চারজনকে চিনতে পেরেছেন। তারা হলেন স্থানীয় তোফায়েল, রাসেল, মাসুদ ও তোফাজ্জল।

নাজমুলের মৃত্যুর পর তার বড় ভাই শামছুল হক তোফাজ্জলকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে ১৮/১৯ জনের নামে মামলা করেন। মামলার পরের দিন এজাহারভুক্ত ১ জনসহ দুইজনকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা-পুলিশ। এরপর ৪ তারিখ ভোরে ঢাকা থেকে আরও দুইজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে মৌলভীবাজার পুলিশ একইদিনে আরও ৪ জন আসামিকে গ্রেপ্তারের খবর ঢাকায় সংবাদ সম্মেলনে জানায় র‍্যাব। 

আরও পড়ুন...কালকিনিতে এক বাড়ি থেকে ২১টি ককটেল উদ্ধার