পিরোজপুরে নৌকার মিছিলে হামলা, ছাত্রলীগ নেতাসহ গুলিবিদ্ধ ২

পিরোজপুরের সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।

রবিবার রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ফয়সাল মাহাবুব শুভ এবং মেহেদী হাসান।

স্থানীয়রা জানান, শংকরপাশা ইউনিয়নে নৌকার পক্ষে জেলা আওয়ামী লীগের একটি নির্বাচনী মিছিলে রাত পৌনে আটটার দিকে প্রতিপক্ষের সমর্থকেরা অতর্কিত হামলা চালায়। তারা মিছিলে গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ সময় ফয়সাল মাহাবুব শুভ ও মেহেদী হাসান নামে দুজন গুলিবিদ্ধ এবং প্রায় ১০ জন আহত হয়।

আহতদের পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। গুলিবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. রানা সাহা জানান, রাতে বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, তাদের মধ্যে ২ জন ছিল গুলিবিদ্ধ। গুলিবিদ্ধদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. জ. মো. মাসুদুজ্জামান জানান, সন্ধ্যার দিকে শংকরপাশা ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় কয়েকজন আহত হয়েছে, এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।