দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে সংরক্ষিত নারী আসনে সদস্য নির্বাচিত হয়েছেন ফিলিপাইন বংশোদ্ভূত জীন ক্যাটামিন পেট্রিয়াকা ওরফে জেসমিন আক্তার জুলহাস।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত (১, ২ ও ৩ নম্বর) ওয়ার্ডে তিনি মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জেসমিন পান চার হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বক প্রতীকের শিমু আক্তার পান এক হাজার ৮৩৭ ভোট।
বিজয়ী হওয়ার পর জেসমিন গ্রামের রাস্তায় বেরোলেই উৎসুক মানুষ তাকে দেখতে ভিড় করছেন। তার মুখে ইংরেজি কথা শুনে অনেকেই আনন্দ প্রকাশ করেন।
স্বামী জুলহাস মিয়া দোভাষী হিসেবে সাধারণ মানুষের কথা ইংরেজিতে অনুবাদ করে বুঝিয়ে দেন জেসমিন আক্তারকে।
জুলহাস জানান, জেসমিন মানুষকে নানাভাবে উপকার করার চেষ্টা করেন। তার ভেতর নেতৃত্বের গুণ রয়েছে। তাই এলাকাবাসীর অনুরোধে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জেসমিন।
জীন ক্যাটামিন পেট্রিয়াকা জেসমিন আক্তার জুলহাস বলেন, আমার স্বামী জুলহাসের জন্য নিজের দেশ ও বাবা-মাকে ছেড়ে বাংলাদেশ ছুটে আসি। এ দেশের মানুষের সেবা করার সুযোগ পেয়ে আমি আনন্দিত, এলাকার গরীব দুখী মানুষের জন্য কিছু করতে চাই।
জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দবরদস্তা গ্রামের আব্দুস সামাদ মণ্ডলের ছেলে জুলহাস।
১৯৯৮ সালে সিঙ্গাপুরের একটি কোম্পানিতে চাকরি করার সময় সহকর্মী জিন ক্যাটামিন পেট্রিয়াকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে চাকরি ছেড়ে জুলহাস বাংলাদেশ চলে আসেন, জীন ক্যাটামিন পেট্রিয়াকাও তার দেশে ফিলিপাইনে চলে যান। দুজনের ফোনে তাদের যোগাযোগ ছিল।
২০১০ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করলে জিন ক্যাটামিন পেট্রিয়াকার নতুন নাম হয় জেসমিন আক্তার জুলহাস।
বাংলাদেশে আসার পর তিনি এ দেশের নাগরিকত্ব পান। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।