মিয়ানমারে সব বন্দী সাংবাদিককে ‘অবিলম্বে’ মুক্তি দিতে শুক্রবার দেশটির সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর এএফপি।
যুক্তরাষ্ট্রের সাংবাদিক ড্যানি ফেনস্টারকে ১১ বছরের কারাদণ্ড দেওয়ার পর সংস্থাটি এ আহ্বান জানালো।
জাতিসংঘ মানবাধিকার প্রধান মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে বলেন, ‘সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর বিভিন্ন হামলার ঘটনায় সঠিক ও স্বাধীন তথ্যের ওপর নির্ভর করা সমাজের বিশাল অংশ ক্ষুব্ধ।’
অভিবাসন আইন লঙ্ঘন, বেআইনি যোগাযোগ ও সামরিক বাহিনীর বিরুদ্ধে ভিন্নমতকে উৎসাহিত করার জন্য ড্যানিকে দোষী সাব্যস্ত করা হয়। শুক্রবার তাকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। এখনো রায় ঘোষিত না হওয়া এ দুটি অভিযোগের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।
৩৭ বছরের ফেনস্টার ছিলেন অনলাইন সাইট ফ্রন্টিয়ার মিয়ানমারের ব্যবস্থাপনা সম্পাদক। তাকে গত মে মাসে ইয়াঙ্গুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আটক করা হয়।