পাকিস্তানের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটে ১২৪ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচে হারায় ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছেন বাবর আজমরা। আজ হারলে হোয়াইটওয়াশের লজ্জায় ডুববে বাংলাদেশ।
সোমবার মিরপুরে ফের টস জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। সাইফ হাসান বাদ পড়ায় ওপেনিংয়ে ওঠে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত (৫)। কিন্তু দলীয় ৭ রানেই অভিষিক্ত শাহনেওয়াজ দাহানির বলে বোল্ড হন তিনি।
শান্তর বিদায়ের পর মাঠে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন একাদশে সুযোগ পাওয়া শামীম হোসেন পাটোয়ারি। কিন্তু আশা জাগিয়েও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। উসমান কাদিরের ওভারে ২৩ বলে ৪ চারে ২২ রান নিয়ে ফেরেন শামীম।
এরপর দারুণ শুরুর আভাস দেন আফিফ হোসেন। ইনিংসের ১২তম ওভার করতে এসে এই বাঁহাতি ব্যাটারের হাতে দুটি ছক্কা খান কাদির। তবে তার প্রতিশোধও নেন পাকিস্তানি স্পিনার।
নিজের শেষ ওভার করতে এসে দ্বিতীয় বলে আফিফকে সাজঘরে ফেরান কাদির। এবারও ছক্কা হাঁকাতে গিয়েছিলেন তিনি। কিন্তু বন্দী হন মোহাম্মদ রিজওয়ানের হাতে। ফেরার আগে ২১ বলে ২ ছয়ে ২০ রান করেন আফিফ।
ফিফটির আশা জাগিয়েও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে ক্যাচ তুলে দেন মোহাম্মদ নাঈম। ৫০ বলে ২ চার ও ২ ছয়ে ৪৭ রান করেন এই ওপেনার। তারমধ্যে দিয়েছেন ২২ বলে ডট। শেষ পর্যন্ত এই সিরিজে ফিফটি বঞ্চিতই থাকল টাইগাররা।
অধিনায়ক মাহমুদউল্লাহকে (১৩) ফেরান হারিস রউফ। শেষ বলে রান আউট হন আমিনুল ইসলাম বিপ্লব (৩)। মাহেদি হাসান অপরাজিত ছিলেন ৫ রানে।