বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা একটা আজব দেশে বাস করছি, যেখানে চিকিৎসার দাবিতেও আন্দোলন করতে হয়।’
তিনি আরও বলেন, ‘সবাইকে আহ্বান জানাবো- এ আন্দোলনই যেন সরকার পতন আন্দোলন হয়।’
শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডা. মিলন দিবসের আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘ক্ষমতাসীনরা বলেন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে। কার কাছে? ক্ষমা চাওয়ার লোকটা কে? বর্তমানে জীবিতদের মধ্যে এ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ও জনগণের ভাগ্যের পরিবর্তনে খালেদা জিয়ার চেয়ে বেশি ত্যাগ স্বীকার কে করেছেন? রাস্তায় দাঁড়িয়ে বলুন।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘খালেদা জিয়া ক্ষমা চাইবে কার কাছে? যারা নিজেরা অপরাধী, যারা বৈধ নয় এবং আইনসিদ্ধ নয় তাদের কাছে?’
তিনি বলেন, ‘তারা (সরকার) কেন আইনের কথা বলেন? আইনমন্ত্রী কি জানেন না রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হলে সর্বোচ্চ আদালত থেকে চূড়ান্ত রায় হতে হয়? আইনমন্ত্রী কি জানেন না পেন্ডিং (স্থগিত) মামলায় রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া যায় না?’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া লড়তে জানেন। (তিনি) ভাঙতে পারেন, কিন্তু দেশ, জনগণ ও গণতন্ত্রের প্রশ্নে আপস করতে জানেন না। মাথা নত করার জন্য খালেদা জিয়ার জন্ম হয়নি।’
নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের উদ্যোগে এ আলোচনা সভায় আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও ফজলুল হক মিলনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হাবিবুর রহমান, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
আরও পড়ুন... রাষ্ট্রপতির কাছে আবেদন করবে না খালেদা জিয়ার পরিবার