ড্রাগ লর্ড এল চ্যাপোর স্ত্রীর তিন বছরের কারাদণ্ড

ম্যাক্সিকান ড্রাগ লর্ড জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজমানের স্ত্রী এমা করোনেল আইসপুরোকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন বিচারক। তার বিরুদ্ধে স্বামীর অবৈধ ব্যবসায় সাহায্যের অভিযোগ আনা হয়।

সিএনএন জানায়, এমার বিরুদ্ধে আনা অভিযোগের শাস্তি ছিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু তিনি অনুশোচনা প্রকাশ করার পর সংক্ষিপ্ত সাজা চেয়েছিলেন মার্কিন প্রসিকিউটররা।

এমার ৬৪ বছর বয়সী স্বামী বর্তমানে কলোরাডোতে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

এল চ্যাপো ছিলেন মেক্সিকোর ‘সিনালোয়া কার্টেল’-এর সাবেক প্রধান। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় মাদক পাচারকারী ছিল এই সংঘটি।

বিচারক জানান, এল চ্যাপোকে বিয়ে করার সময় এমা করোনেল কিশোরী ছিলেন।

ফেব্রুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়। জুনে ষড়যন্ত্র থেকে অবৈধ মাদক বিতরণসহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এমাকে। মেক্সিকোর কারাগার থেকে এল চ্যাপোকে পালাতে সাহায্য করার বিষয়টিও স্বীকার করে নেন তিনি।

৩২ বছর বয়সী সাবেক এ বিউটি কুইন আদালতে ক্ষমা চান। সাজা ঘোষণার আগে তিনি স্প্যানিশ ভাষায় বলেন, আমি সবকিছু জন্য সত্যিকারভাবে অনুশোচনা প্রকাশ করছি। পরিবারকে আমি যে যন্ত্রণা দিয়েছি তার ফল ভোগ করছি।

এ সময় নয় বছরের যমজ কন্যাকে লালন-পালনের অনুমতি চান করোনেল। বলেন, তারা ইতিমধ্যে মা-বাবার একজনের উপস্থিতি ছাড়াই বেড়ে উঠছে। আমি আপনাকে অনুরোধ করছি দয়া করে মায়ের উপস্থিতি ছাড়া তাদের বেড়ে উঠতে দেবেন না।