চাঁদপুরে গণহত্যা নিয়ে রচিত নাটক ‘মধ্যরাতের মোলহেড’ মঞ্চস্থ

স্বাধীনতার ৫০ বছর পর চাঁদপুরে ১৯৭১ সালের গণহত্যা নিয়ে রচিত নাটক ‘মধ্যরাতের মোলহেড’ অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরী নাট্যদল মঙ্গলবার রাতে মোলহেডে নাটকটি পরিবেশন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। নাটকের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, মোলহেড চাঁদপুরের এক অনিন্দ্য সুন্দর একটি স্থান। কিন্তু মোলহেডে মুক্তিযুদ্ধকালীন অনেক স্মৃতি রয়েছে। মুক্তিযুদ্ধের সময় এই মোলহেডে নারীদের উপর চালানো হতো অকথ্য নির্যাতন। সেই দুঃসহ স্মৃতি চাঁদপুরের অনেক পরিবার এখনো বহন করে চলেছে। শুধু চাঁদপুরেই নয় সারা দেশে অসংখ্য বদ্ধভূমি রয়েছে। যেখানে অসংখ্য নির্যাতন হয়েছে। সেই মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। সঠিক ভবিষ্যৎ গড়তে সঠিক ইতিহাস জানা জরুরি। তরুণ প্রজন্ম আজকের ইতিহাস জানা অত্যন্ত জরুরি।

‘আজকে বঙ্গবন্ধুর দেখানো পথে চলছি বিধায় আমরা উন্নয়নের শিখরে পৌঁছে গেছি। আজকে এই নাটকের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীভৎস স্মৃতিগুলো দেখানো হবে। যত বীভৎসই হোক না কেন এই ইতিহাস আমাদের জানা উচিত।’

শিক্ষামন্ত্রীর বক্তব্যের পূর্বে উদ্বোধকের বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, গণহত্যার নাটক আরও কয়েকটি দেশে সীমিত আকারে মঞ্চায়িত হয়েছে। বাংলাদেশের ৬৪ জেলায় গণহত্যার পরিবেশ যে বদ্ধভূমির নাটক মঞ্চায়িত হচ্ছে, বিশ্ববাসী যখন শুনবে তখন মহিমান্বিত হবে। এ ধরনের নাটক মঞ্চায়নের মাধ্যমে স্বাধীনতার পরে যাদের জন্ম মানে এ প্রজন্ম জানতে পারবে অপারেশন সার্চ লাইটের ভয়াবহতা।

১৯৭১ সালে চাঁদপুরের বড় স্টেশনে গণহত্যার বীভৎস ঘটনা প্রবাহ নিয়ে চাঁদপুরের সৌম্য সালেক ও পীযুষ কান্তি বড়ুয়ার লেখা নাটকটি পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন নাট্যকার শরীফ চৌধুরী।

গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনায় 'মধ্যরাতের মোলহেড' নাটকটিতে চাঁদপুরের অর্ধশত নাট্যশিল্পী অভিনয় করছেন। এ ছাড়া কলাকুশলী হিসেবে রয়েছেন আরও ১২ জন নাট্যকার।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বিপিএম (বার)।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক মো. শামিম, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহিদ পাটোয়ারী প্রমুখ।