দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলশীষা নদীর পাড় থেকে মো. সৌরভ (২৩) নামে এক যুবকের পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টায় নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নের চামুন্ডাই গ্রামের পাশে নলশীষা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সৌরভ হোসেন ১ নম্বর জয়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য মো. সানোয়ার হোসেনের ভাতিজা ও ওই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। সে উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
জানা গেছে, সকালে স্থানীয়রা পায়ের রগ কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি ও মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে কাজ চলছে।