ফলাফল ঘোষিত কেন্দ্রের সিলমারা ব্যালট ঘুরছে হাতে হাতে

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপের নির্বাচন শেষ হলেও ২০ ব্যালট পেপার ওই এলাকার সাধারণ মানুষের হাতে-হাতে ঘুরছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।

স্থানীয়রা জানান, সত্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফুটবল প্রতীকের সমর্থকরা সিল মেরে ব্যালট পেপার বাক্সে ঢুকানোর সময় প্রতিবাদের মুখে ফেলে রেখে চলে যায়। ওই এলাকার লোকজন ঘটনাটি ভিডিও করে। যা পরে ভাইরাল হয়।

তারা জানান, নির্বাচনের ফলাফল ঘোষণা হলেও নির্বাচনের দিন দুপুর থেকে একটি ব্যালট বইয়ের ২০টি সিলযুক্ত ব্যালট এলাকাবাসীর কাছে রয়েছে।

বুধবার সকালে স্থানীয়রা বলেন, প্রভাব বিস্তার করে ফুটবল প্রতীকের প্রার্থী ব্যলট বই বাইরে নিয়ে সিল মেরেছেন।

ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডটি সত্যনগর আর জয়নগর এই দুটি গ্রাম নিয়ে গঠিত। এর মধ্যে, সত্যনগর এলাকার মানুষ পেয়েছেন পাতাগুলো।

তাদের দাবি, কেন্দ্রের সামনেই পড়ে ছিল এগুলো। ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী ছিলেন সাতজন। তাদের মধ্যে একজন জাসদ, বাকিরা আওয়ামী লীগের স্থানীয় নেতা। তাদের মধ্যে ছয় প্রার্থীর দাবি, সিলমারা ব্যালটগুলো ফুটবল প্রতীকের নুর করিম সবুজের। তিনি প্রভাব বিস্তার করে জয় পেয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী নুর করিম সবুজকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

রিটার্নিং কর্মকর্তা মো জসিম উদ্দিন জানালেন, ব্যলটগুলি সেই কেন্দ্রের হয়ে থাকলে পরাজিত প্রার্থীরা চাইলে ট্রাইব্যুনালে আপিল করতে পারেন।