গলে স্পিন উৎসব

গল টেস্টে তিন দিনে দুদলের ২২ উইকেট পড়েছে। এর ২০ উইকেটই নিয়েছেন স্পিনাররা। এক কথায় স্পিনারদের উইকেট নেওয়ার উৎসব চলছে গলে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭০ রানে ৬ উইকেট নিয়েছেন রমেশ মেন্ডিস। অন্য দুই স্পিনার লাসিথ অ্যাম্বুলদেনিয়া ও প্রাভিন জয়াবিক্রমা নিয়েছেন দুটি করে। অর্থাৎ উইন্ডিজের ১ম ইনিংসের ১০ উইকেটই নিয়েছেন লঙ্কান তিন স্পিনার। তবু ২৫৩ রানে অলআউট হওয়া উইন্ডিজ ৪৯ রানের লিড নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৪৬ রান তুলে ব্যবধান ৩-এ নামিয়ে এনেছে শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারতেœ নিজের ভুলে মাত্র ৬ রান করে রান আউট হয়েছেন। ১৪ রান করা ওশাদা ফার্নান্দোও হন রান আউট।

উইন্ডিজের স্পিনাররাও শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সবকটি উইকেট নিয়েছিলেন আগের দিন। এরমধ্যে ৩৫ রানে ৫ উইকেট নেন সাড়ে ৬ বছর পর দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার ভিরাস্বামী পেরমল। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান ৫০ রানে নেন ৪ উইকেট। বাকি উইকেটটি রোস্টন চেজের। বরাবর পেস বোলিংয়ে আধিপত্য গড়া উইন্ডিজের হয়ে টেস্টের এক ইনিংসে স্পিনারদের ১০ উইকেট নেওয়ার চতুর্থ ঘটনা এটি। সেই জবাব গতকাল ১০ উইকেট নিয়ে লঙ্কান স্পিনাররাও দিয়েছেন। ৬৯ রানে ১ উইকেট নিয়ে দিন শুরু করা উইন্ডিজকে প্রথম ধাক্কা দেন মেন্ডিস। ৩৫ রান করে দলীয় নাকরুমা বোনার দলীয় ১৩৭ রানে আউট হন। এরপর ৭২ করা ক্রেইগ ব্র্যাথওয়েট ফেরেন দলীয় ১৬৬ রানের মাথায়। পরের ৭ উইকেট উইন্ডিজ হারায় মাত্র ৮৭ রানে। একটা সময়ে মনে হচ্ছিল উইন্ডিজ লিড নিতে পারবে না। কিন্তু কাইল মায়ার্স নবম উইকেটে পেরমলকে নিয়ে ৩৮ রান যোগ করেন। মায়ার্স শেষ পর্যন্ত ৩৬ রানে অপরাজিত ছিল। আজ গল টেস্টের চতুর্থ দিন। স্পিনারদের দাপট জারি থাকলে খেলা পঞ্চম দিনে নাও গড়াতে পারে।