ময়মনসিংহে সেনাপ্রধান

সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সব করেছে

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে যা যা করণীয় এবং যতটুকু সহযোগিতা করার সুযোগ সরকারের আছে, তার সম্পূর্ণটাই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব ও সক্ষমতায় লক্ষ্য অর্জনের পথে সেনাবাহিনী অনেকটাই এগিয়ে গেছে।’

গতকাল বুধবার সকালে মোমেনশাহী সেনানিবাসে সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ সময় আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লে. জেনারেল এম এম মতিউর রহমানসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও ঘাটাইল অঞ্চলের ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।