নারায়ণগঞ্জে জলদস্যু গ্রেপ্তার

বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকায় ডাকাতি ও জেলেদের অপহরণের পর নারায়ণগঞ্জ থেকে মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগে জলদস্যু ইলিয়াস হোসেন মৃধাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব মোবাইল ব্যাংকিং ট্রান্সফারের মাধ্যমে মুক্তিপণের অর্থের ব্যাপারে গোয়েন্দা নজরদারি করে। র‌্যাবের গোয়েন্দারা নারায়ণগঞ্জসহ আরও কয়েকটি এলাকায় এ সংক্রান্ত ফুটপ্রিন্ট শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ থেকে মুক্তিপণ সংগ্রাহক ইলিয়াস হোসেন মৃধাকে গ্রেপ্তার করা হয়।