বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের নভেম্বর মাসে ৮৭ কোটি ৯৬ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।
মাদক পাচার, চোরাচালান ও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা হয়েছে মোট ৪৩৪ জনকে। এদের মধ্যে ভারতীয় নাগরিক রয়েছেন ৯ জন।
গতকাল শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
গত অক্টোবর মাসে বিজিবির অভিযানে ৮০ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ হয়। আটক করা হয় ৪৩৬ জনকে। এদের মধ্যে ৩ ভারতীয় নাগরিক ছিল।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, নভেম্বর মাসে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৩,১২,২৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৪,৫৫০ বোতল ফেনসিডিল, ১৬,২২৪ বোতল বিদেশি মদ, ১,৪৩৬ ক্যান বিয়ার, ১,৩৫৮ কেজি গাঁজা, ৮ কেজি ৩৪০ গ্রাম হেরোইন, ৯,৯০২টি ইনজেকশন, ৫,৬৯৮টি ইস্কাফ সিরাপ, ১,৮৮৯ বোতল এমকেডিল/কফিডিল, ৩৪,২১৫টি বিভিন্ন প্রকার ওষুধ, ৩৯,৫৫৯টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১০,৪৭,৭৭৩টি অন্যান্য ট্যাবলেট।