সিদ্ধিরগঞ্জে সিন্ডিকেট করে অবৈধভাবে দেওয়া হচ্ছে তিতাসের গ্যাস সংযোগ। কয়েকটি সিন্ডিকেট রাতের আঁধারে বিভিন্ন আবাসিক ভবনে অবৈধ গ্যাসলাইন সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ত্রুটিপূর্ণ এসব সংযোগ লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে প্রাণহানির ঘটনাও ঘটেছে।
অভিযোগ রয়েছে, তিতাসের স্থানীয় অসাধু কর্মকর্তাদের সঙ্গে আঁতাত করে চলছে লুটের এ ‘উৎসব’। এতে সরকার হারাচ্ছে মোটা অঙ্কের রাজস্ব।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকায় তিতাসের একশ্রেণির ঠিকাদার ও দালাল অবৈধ উপায় অবলম্বন করেছে। স্থানীয় প্রভাবশালীদের নিয়ে গড়ে তুলেছে শক্তিশালী সিন্ডিকেট। এসব সিন্ডিকেট তিতাসের কিছু কর্মকর্তার সঙ্গে হাত মিলিয়ে এক থেকে পাঁচ লাখ টাকার বিনিময়ে বিভিন্ন নবনির্মিত আবাসিক ভবন ও অবৈধ মিল কারখানায় গভীর রাতে গ্যাস সংযোগ দিচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অন্তত দশটি সিন্ডিকেট অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কাজে নিয়োজিত। তারা এককালীন মোটা অঙ্কের অর্থ নিয়ে গ্যাস সংযোগ দেওয়ার পর নিয়মিত মাসোহারাও নিচ্ছে ভবন মালিকদের কাছ থেকে। অবৈধ হলেও সহজেই সংযোগ ও বিল পরিশোধের ঝামেলা না থাকায় বাড়ির মালিকরাও হয়ে পড়েছে সিন্ডিকেটনির্ভর। ফলে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় দিন দিন বেড়েই চলছে অবৈধ গ্যাস সংযোগ।
সূত্র জানায়, থানা এলাকায় অবৈধ ব্যবহারকারীর সংখ্যা অনেক। এ ছাড়াও বহু বাড়ির মালিক বৈধ সংযোগ নিলেও অবৈধভাবে ব্যবহার করছেন একাধিক চুলা।
কদমতলীর বাসিন্দা জাকির হোসেন জানান, অদক্ষ লোকেরা ত্রুটিপূর্ণ লাইনে গ্যাস সংযোগ দিচ্ছে। রাতের আঁধারে তড়িঘড়ি করে সংযোগ দেওয়ায় লিকেজ হয়ে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে প্রাণ হারাচ্ছে মানুষ। তিতাস কর্তৃপক্ষ মাঝে মাঝে কোনো বাড়িতে অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করলেও দুই-একদিনের মধ্যে আবার সংযোগ দিচ্ছে সিন্ডিকেট সদস্যরা।
অনুসন্ধানে জানা গেছে, আদমজীনগর কদমতলী এলাকার এক ঠিকাদারের নেতৃত্বে শক্তিশালী কয়েকটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এসব সিন্ডিকেট গত কয়েক বছর ধরে কদমতলীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে। এ ছাড়াও আটি হাউজিং ও গোদনাইলে গড়ে ওঠা সিন্ডিকেট অবৈধ গ্যাস সংযোগের পাশাপাশি মাসোহারাও নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাড়ির মালিক বলেন, নতুন বাড়ি নির্মাণ করেছি। বৈধভাবে সংযোগ দিতে না পারায় বাধ্য হয়ে স্থানীয় দালাল-ঠিকাদারদের মাধ্যমে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করছি।
সিন্ডিকেটের সঙ্গে তিতাস কর্মকর্তাদের আঁতাতের বিষয়টি এড়িয়ে নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম গোলাম ফারুক বলেন, তথ্য পেলেই অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অবৈধ সংযোগ স্থায়ীভাবে বন্ধ করতে নতুন কৌশল বের করে পদক্ষেপ নেওয়া হবে।