নিজের বানানো বন্দুক দিয়ে বোনকে হত্যা কিশোরের

বড় বোনকে হত্যা দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক কিশোরকে। ১৩ বছর বয়সী ওই কিশোরের বিরুদ্ধে অভিযোগ, ঘরে নিজের বানানো বন্দুকের গুলিতে সে তার ১৪ বছর বয়সী বড় বোন কিরা স্কটকে হত্যা করেছে।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য জর্জিয়ার ডগলাস কাউন্টি পুলিশ অফিসের বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।

ঘরে বসে ‘গোস্ট গান’ নামে আগ্নেয়াস্ত্র তৈরি ও বিক্রি করত অভিযুক্ত কিশোর। গত ২৭ নভেম্বর তার বানানো অস্ত্র কিনতে পশ্চিম আটলান্টার ২০ মাইল দূরে ডগলাসভিলায় তাদের বাড়িতে গিয়েছিল দুজন লোক।

কিন্তু অস্ত্র কেনার পরিবর্তে, ‍ওই দুই লোক ঘটনাস্থল থেকে বন্দুক নিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। তাদের বাধা দিতে ১৩ বছরের কিশোরটি গুলি ছোড়ে। কিন্তু সেই গুলি গিয়ে লাগে তার বড় বোনের গায়ে।

স্থানীয় প্রতিবেদকদের এমনটাই জানান ডগলাস কাউন্টির পুলিশ টিম পাউন্ড। তদন্তকারীরা মনে করছেন, কিশোরটি ঘটনার সময় যে অস্ত্র ব্যবহার করেছে তা নিজের হাতে ঘরে বানানো।