বিলম্ব না করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান ফখরুলের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে পাঠাতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি আহ্বান জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারে কাছে পরিষ্কার করে বলতে চাই- আর বিলম্ব করবেন না। অবিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। অন্যথায় এই দেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের নেত্রী খালেদা জিয়াকে আজকে বন্দী করে রেখেছেন। কারণ আপনারা জানেন, তাকে যদি অসুস্থ অবস্থায় বিদেশে না পাঠান, তিনি যদি জীবন থেকে চলে যান, তাহলে আপনার পথের কাঁটা দূর হবে।’

‘তা হয় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে তারা ভেবেছিল বোধ হয় বিএনপি শেষ গেল, তা হয়নি। দেশনেত্রী খালেদা জিয়া সঠিকভাবে নির্বাচন করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে। তার নেতৃত্বেই বিএনপির পতাকা আবার ওপরে ধরে রাখবো’ যোগ করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক। তিনি আছেন বলেই এখনো গণতন্ত্রের সংগ্রাম চলছে। তিনি আছেন বলেই আমাদের শত্রুরা সীমান্তে ভয় পায়।’

বিএনপির মহাসচিব বলেন, ‘যে কথা আগেও বলেছি- এ দেশের গণতন্ত্র যদি চালু রাখতে চাই, এই দেশে সত্যিকার অর্থে যদি সুশাসন চালু রাখতে হয়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, আমাদের অধিকারগুলো যদি বহাল রাখতে চাই, তাহলে দেশনেত্রী খালেদা জিয়াকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।’

দেশের সকল বিজয় অর্জন হয়েছে ছাত্রদের নেতৃত্বে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ছাত্ররা অনেক ত্যাগ স্বীকার করেছে। অনেকে গুম হয়েছে, অনেক খুন হয়েছে। এখনো অনেকে কারাগারে আছে। এদেরকে মুক্ত করতে হলে, অন্যায়-নির্যাতনের প্রতিবাদ করতে হলে আজকে যুবক-তরুণদের জেগে উঠতে হবে।’

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আন্দোলনের জন্য প্রস্তুত আছি? আমরা কি সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি?

ছাত্র নেতারা দুই হাত তুলে প্রস্তুত আছি জানালে তিনি বলেন, ‘ইনশা আল্লাহ আমরা শিগগিরই দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হবো, বিদেশে পাঠাতে সক্ষম হবো।’

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ড. আসাদুজ্জামান রিপন, আমান উল্লাহ আমান, ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নাজিম উদ্দিন আলম, এবিএম মোশারফ হোসেন, সুলতান সালাউদ্দীন টুকু, আমিরুল ইসলাম আলীম, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, আকরামুল হাসান প্রমুখ।

এর আগে সকাল ৯টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সহস্রাধিক নেতাকর্মী প্রেসক্লাবের সামনের সড়কে জড়ো হতে থাকেন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।