নাব্য সংকটে শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে শুরু হচ্ছে না ফেরি চলাচল

মুন্সীগঞ্জের শিমুলিয়া ও শরীয়তপুরের মাঝিকান্দি নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচলের পর নাব্যতা সংকট নিরসন না হওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু হচ্ছে না বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

শনিবার দুপুরে শিমুলিয়ার ৩ নম্বর ফেরি ঘাট থেকে মাঝির ঘাটের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে ফেরি কুঞ্জলতা ছেড়ে যায়। কিন্তু নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল ব্যাহত হয়।

শনিবার দুপুরে মাঝিকান্দি ঘাটে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির পরিচালক এসএম আশিকুজ্জামান।

তিনি জানান, পরীক্ষামূলকভাবে ফেরি চালিয়ে দেখা হয়েছে। এই রুটে নাব্যতা সংকট রয়েছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ড্রেজিং অব্যাহত রেখেছে। আগামী এক সপ্তাহ পর তাদের কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

এরপর পুনরায় ফেরি চালিয়ে দেখা হবে। সফল হলে এই রুটে ফেরি চলাচল শুরু করা হবে।

বক্তব্যের আগে বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে ৪৭টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরি কুঞ্জলতা। দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ফেরিটি মাঝিকান্দি ঘাটে পৌঁছায়। দুপুর দেড়টার দিকে ঘাটের অদূরে ফেরিটি নাব্যতা সংকটের মুখে পড়ে আটকে যায়। পরে ১০ মিনিটের চেষ্টায় ফেরিটি পুনরায় চলাচল শুরু করে।