ভারতে চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের চতুর্থ ও শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। তবে প্রথম তিন ম্যাচ জেতায় ফাইনাল আগেই নিশ্চিত ছিল বাংলাদেশের যুবাদের। শিরোপার লড়াইয়ে সফরকারীদের সঙ্গী ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল।
শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষেই লিগ পর্বের শেষ ম্যাচটি খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সারা দিন ধরে চলা বৃষ্টিতে ম্যাচটি পণ্ড হয়। টসও হতে পারেনি ম্যাচের।
প্রথম তিনটি ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শিরোপার লড়াইয়ে আগেই জায়গা করে নেয় বাংলাদেশ। চার ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে এখন টেবিলে সবার শীর্ষে তারাই।
এদিকে বৃষ্টি আশীর্বাদ হয়েই এসেছে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের জন্য। তিন ম্যাচের একটি জেতা দলটি মোট ৬ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে আছে। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ফাইনালে লড়বে তারা।
ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দল তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি। রবিবার ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও ফাইনালে উঠতে পারবে না তারা। ম্যাচটি তাই এখন শুধুই আনুষ্ঠানিকতার।