নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব

সাকিব আল হাসানকে রেখেই নিউজিল্যান্ড সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই সিরিজে তাকে হয়তো পাচ্ছে না দল।

নিউজিল্যান্ড সফর থেকে ‘আনঅফিশিয়ালি’ ছুটি চেয়ে রেখেছেন সাকিব। শনিবার দল ঘোষণা হওয়ার আগেই যা সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে অফিশিয়াল চিঠি সাকিব দেননি। বোর্ড তার কাছে কারণসহ অফিশিয়াল চিঠি চেয়েছে।

নাজমুল হাসান পাপন বলেন, ‘অফিশিয়ালি সে কিছু বলে নাই। আনঅফিশিয়ালি খবর দিয়েছে। আমি বলেছি, ওকে অফিশিয়ালি জানাতে হবে। অফিশিয়ালি জানাক, তার পর দেখা যাবে।’

সাকিব যে নিউজিল্যান্ডে যেতে চান না এ নিয়ে গুঞ্জন চলছিল বেশ কদিন ধরেই। বিসিবি সভাপতির কথা সেই গুঞ্জনের সত্যতা মিলল।

তবে বিসিবি সভাপতি সাকিবের ছুটির কারণ জানতে চান। নাজমুল হাসান পাপন বলেন, ‘কারণ তো একটা দেবে। কারণ দিতে হবে। কারণটা দেখতে হবে আগে। কারণই তো জানি না…।’

পাকিস্তান সিরিজ শেষে ৯ ডিসেম্বর নিউজিল্যান্ডের বিমান ধরবে টাইগাররা। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন করতে হবে। নতুন বছরের প্রথম দিনই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ দলের। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ জানুয়ারি থেকে।

সবশেষ গত মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ড সফর করে এসেছে বাংলাদেশ। সেই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল টাইগাররা। তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে সেই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব।

এরপর এপ্রিলে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজেও যাননি সাকিব। আইপিএলে খেলে বিশ্বকাপ প্রস্তুতি নেওয়ার জন্য তখন তিনি ছিলেন ভারতে। এবারের নিউজিল্যান্ড সিরিজের মতো সেই সিরিজটিও ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

আরো পড়ুন

ছয় পেসার নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ