রাসেল ঝড়ে টি-১০ লিগে চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্স

আবুধাবি টি-১০ লিগে চ্যাম্পিয়ন হয়েছে ডেকান গ্ল্যাডিয়েটর্স।

শনিবার আসরের ফাইনালে দিল্লি বুলসকে ৫৬ রানের বড় ব্যবধান হারায় ডেকান গ্ল্যাডিয়েটর্স। ১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বুলস ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রানে আটকে যায়।

আবুধাবির জয়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ডেকান গ্ল্যাডিয়েটর্স। ঝড় তুলেন আন্দ্রে রাসেল। কম যাননি টম কোহলার-ক্যাডমোরও।

দুই ওপেনার মিলেই পুরো ১০ ওভার খেলেন। সুবাদে বিনা উইকেটে ১৫৯ রানের পুঁজি গড়ে ডেকান গ্ল্যাডিয়েটর্স। এবারের আসরে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

আন্দ্রে রাসেল অপরাজিত ৯০ রানের ইনিংস খেলেন। ১৮ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। শেষমেশ ৩২ বলের ইনিংসে রাসেল ৯টি চার ও ৭টি ছক্কা মারেন।