আফগানিস্তানে মানবিক ও অর্থনৈতিক সংকট এড়াতে চলতি মাসের শেষের দিকে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে সম্মেলনের আয়োজন করার কথা জানিয়েছে পাকিস্তান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি শনিবার পূর্বাঞ্চলীয় শহর লাহোরে সাংবাদিকদের বলেন, বর্তমান চেয়ারম্যান সৌদি আরবের অনুরোধে ৫৭ জাতি বিশিষ্ট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর এই বিশেষ বৈঠক ১৯ ডিসেম্বর ইসলামাবাদে আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, বিশ্বব্যাংক ও জাতিসংঘের সংশ্লিষ্ট ত্রাণ সংস্থার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে।
আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবানের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দলকেও ইসলামাবাদে ওআইসি বৈঠক ও সংশ্লিষ্ট সমাবেশে আমন্ত্রণ জানানো হবে।
কোরেশি বলেন, ‘সম্মেলন আয়োজনের উদ্দেশ্য হলো মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা।’
‘আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোকে একত্রিত করার চেষ্টা করব। কারণ সংকট এড়াতে তাদের প্রয়োজন।’
সম্প্রতি জাতিসংঘ জানায়, আফগানিস্তানের অর্ধেকের বেশি জনসংখ্যা প্রায় দুই কোটিরও বেশি মানুষ বছরের পর বছর যুদ্ধ, কঠিন খরা ও প্রচণ্ড দারিদ্র্যের কারণে তীব্র খাদ্যঘাটতির সম্মুখীন হচ্ছে।
কোরেশি সতর্ক করে বলেন, ‘এই অবস্থায় আফগানিস্তানকে পরিত্যাগ করা একটি ঐতিহাসিক ভুল হবে।’
অস্থিতিশীলতা নতুন করে সংঘাতের পথ দেখাতে পারে, এর ফলে প্রতিবেশী ও পশ্চিমি দেশগুলোতেও শরণার্থীদের ঢল নামতে পারে বলে উল্লেখ করেন তিনি।