প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের সঙ্গে অশোভন আচরণ করতে পারেন না: মুরাদ

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলার সাংবাদিকরা।

রবিবার দুপুরে জেলার কর্মরত সাংবাদিকরা প্রধানমন্ত্রী বরাবর ওই স্মারকলিপি তুলে দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের হাতে।

জামালপুরে সার্কিট হাউজে স্মারকলিপি প্রদানের সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্রের কোনো কর্মকর্তা-কর্মচারী সেবা প্রদান করা ছাড়া জনগণের সঙ্গে অশোভন আচরণ করতে পারেন না’।

সাংবাদিকদের সঙ্গে ‘অশোভন আচরণকারী’ পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে জেলা থেকে প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

পরে জেলার কর্মরত সাংবাদিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশ করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে পুনাক মেলা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে ডাকেন পুলিশ সুপার। ডাকে সাড়া দিতে না পারায় পুলিশ সুপার ক্ষিপ্ত হয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানকে ধরে ‘পিটিয়ে চামড়া তুলে ফেলা’ এবং ডিজিটাল নিরাপত্তা আইনে ফাঁসানোর হুমকি দেন বলে অভিযোগ।