আসছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সব কটি ইউনিয়নেই আ. লীগ মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছে দলীয় মনোনয়ন বোর্ড।
শনিবার গণভবনের দলীয় মনোনয়ন বোর্ড এসব প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। দলীয় সূত্র জানায়, শনিবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত হয় পঞ্চম ধাপের আ. লীগের সংসদীয় জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা। এ সভায় সভাপতিত্ব করেন আ. লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোর্ডের সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের জন্য দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। পরে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মনোনয়ন প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
এ উপজেলায় এক নারীসহ চার নতুন মুখ পেয়েছেন আ. লীগের চূড়ান্ত মনোনয়নে নৌকা প্রতীক। এর মধ্যে দলীয় নেতা কর্মীদের নিয়ে ভোটারদের কাছে এ সংবাদ পৌঁছে দিচ্ছেন প্রার্থীরা নিজেই। চার ইউনিয়নে অন্য চারজন আগেই চেয়ারম্যান ছিলেন। এ মনোনয়নের অন্য পুরোনো চার চেয়ারম্যান মনোনয়ন বঞ্ছিত হয়েছেন। তবে তারা বিদ্রোহী প্রার্থী হবেন কিনা এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। বেশ কিছু দিন ধরেই উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। দলীয় প্রতীক চূড়ান্ত হওয়াতে নির্বাচনী মাঠ আরো চাঙা হচ্ছে এমনটাই ভাবনা ভোটারদের। মোড়ে মোড়ে চা স্টলে চলছে প্রার্থীর যোগ্যতা আর জনপ্রিয়তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ।
শ্রীপুর উপজেলা আ. লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু বিষয়টি নিশ্চিত করেন দেশ রূপান্তরকে জানান, আটটি ইউনিয়নে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন- মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকন, গাজীপুর ইউনিয়নে ইউনিয়ন আ. লীগের সভাপতি মো. আজাহার হোসেন তালুকদার, তেলিহাটি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ. লীগের সভাপতি আবদুল বাতেন সরকার, কাওরাইদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল হক, বরমী ইউনিয়নে গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. আনোয়ার হোসেন সরকার, গোসিঙ্গা ইউনিয়নে ছাইদুর রহমান শাহিন, রাজাবাড়ি ইউনিয়নে রাজাবাড়ি ইউনিয়ন মহিলা আ. লীগের সদস্য মোছা. হাসিনা মমতাজ, প্রহলাদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল হক আকন্দ।
তিনি বলেন এক নারী প্রার্থীসহ চারজন নতুন মুখ এবার দলীয় মনোনয়ন পেলেন। আমরা সবাই নৌকার পক্ষে কাজ করব।
শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার মাওনা ইউনিয়নের মোট ভোটার ৩৯ হাজার ৪১৪ জন, গাজীপুর ইউনিয়নের মোট ভোটার ৩৮ হাজার ৮৫৬ জন, তেলিহাটি ইউনিয়নের মোট ভোটার ৪২ হাজার ১০১ জন, কাওরাইদ ইউনিয়নের মোট ভোটার ৪০ হাজার ৮৪৩ জন, বরমী ইউনিয়নের মোট ভোটার ৫১ হাজার ৩৮৯ জন, গোসিঙ্গা ইউনিয়নের মোট ভোটার ২৮ হাজার ২০৬ জন, রাজাবাড়ি ইউনিয়নের মোট ভোটার ৩৬ হাজার ৮০৮ জন, প্রহলাদপুর ইউনিয়নের মোট ভোটার ২২ হাজার ৪৯৫ জন।
আটটি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ১১২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ২১৪ জন অপরদিকে নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৯৮ জন। আগামী বছরের ৫ জানুয়ারি পঞ্চম ধাপের এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।